দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের খালি আসন বরাদ্দ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রক্টর কার্যালয়।
মঙ্গলবার (১ জুলাই) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিদ্যমান শূন্য আসন বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে অনাবাসিক শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা ৭ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত চলবে। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টাল https://apps.cu.ac.bd/apply/- এর মাধ্যমে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা সংযুক্ত থাকবে। আবেদন করার আগে নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন সংকটে থাকা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ স্বস্তির বার্তা হয়ে এসেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আবাসিক হলের আসনের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
প্রক্টর এবং কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।




