টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাউবো জানায়, দেশের ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ২টি নদীর ২টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং হবিগঞ্জের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানের ভারতীয় অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে পাউবো।



