কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পেট্রোল, ডিজেল ও অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক ও কৃষকরা। প্রয়োজনের তুলনায় খুচরা ডিলারদের কাছে কম পরিমাণ জ্বালানি সরবরাহ হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় তেলের সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে।
বুধবার (১৮ই মার্চ) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক খুচরা দোকানে পর্যাপ্ত জ্বালানি না থাকায় বাইক চালক ও কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও আবার তেল না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ডিলারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা যে পরিমাণ জ্বালানি পান তা এলাকার চাহিদার তুলনায় অনেক কম। ফলে বাজারে সংকট তৈরি হয়েছে এবং কিছু জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন খুচরা দোকানে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫০ থেকে ১৬০ টাকা দরে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে যারা প্রতিদিন মোটরসাইকেল ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত না করা হলে কৃষি কাজ ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কৃষি মৌসুমে ডিজেলের সংকট হলে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং কৃষি ও পরিবহন কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।



