ফরিদপুর জেলায় হামের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন এর কার্যালয় আজ সকালে এক ইমেলের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়,
ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ৩১৮ জন হাম রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময়ে হাম-সংক্রান্ত জটিলতায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় মোট ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন, সালথায় ১৪ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১১ জন এবং পুরাতন ৬ জনসহ মোট ১৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখান থেকে ৮ জন ছাড়পত্র পেয়েছেন। অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৯ জন ও পুরাতন ২৫ জনসহ মোট ৩৪ জন চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ১৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



