স্বাধীনতা দিবসের দিনে বরগুনা শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল দেখা গেছে। দীর্ঘ সময় পর জেলা শহরে সংগঠনটির এমন প্রকাশ্য উপস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাসেল স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছরের বেশি সময় পর এ ধরনের প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল সংগঠনটির নেতাকর্মীদের। এর আগে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার পর থেকে বরগুনায় তাদের প্রকাশ্য কোনো কার্যক্রম চোখে পড়েনি।
মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ফাহাদ হাসান তানিম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



