সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চালের বস্তায় প্লাস্টিক ব্যবহার: কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চালের বস্তায় বাধ্যতামূলক পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা অনুযায়ী দুইটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সিফাতুল্লাহকে ৩ হাজার টাকা এবং আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার টাকা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পাট অধিদপ্তর, গাজীপুরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন