কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সকাল ৯ঃ০০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সূচনা করেন উপজেলা প্রশাসক এ.এফ.এম. শামীম। তিনি বিভিন্ন বাহিনীর সালাম গ্রহণ করেন। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং বর্তমান প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জার মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



