চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতিকে ধারণ করে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। এ নাট্যমেলা আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
দেশের একাডেমিক নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ জিয়া হায়দারকে উৎসর্গ করে আয়োজিত এ উৎসবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নাট্যপ্রদর্শনীর পাশাপাশি পুতুলনাট্য, নাট্যজনদের ওপর শিক্ষার্থীদের নির্মিত তথ্যচিত্র, নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনীর আয়োজন থাকবে।
নাট্যমেলার উদ্বোধনী দিন ২৯ জুন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধের নব-নাট্যরূপে নির্মিত ‘উন্মাদ সাক্ষাৎকার’। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল ও রিয়াদূস সালেহিন। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত ‘তৃষ্ণায়’। নাটকটির নির্দেশনায় রয়েছেন মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।
উৎসবের দ্বিতীয় দিন ৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দারের ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। নাটকটির নির্দেশনায় রয়েছেন রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে রুশ লেখক ইয়ারোস্লাভা পুলিনোভিচের ‘নাতাশাস ড্রিম’ অবলম্বনে সনজিত কুমার দে’র নব-নাট্যরূপকৃত ‘আকাশ কেন ডাকে’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ্ তাসনিয়া অহনা।
নাট্যমেলার শেষ দিন ১ জুলাই সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে আন্তন চেখভের কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। রাত ৮টায় নিকোলাই এরডম্যান রচিত ‘দ্য সুইসাইড’ মঞ্চায়নের মধ্য দিয়ে পর্দা নামবে তিন দিনের এ আয়োজনের। নাটকটির নির্দেশনায় রয়েছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নাট্যমেলায় মঞ্চস্থ হওয়া প্রতিটি নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল নেতৃত্ব ও ব্যবহারিক নাট্যশিক্ষার বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।
নাট্যমেলার আহ্বায়ক ও নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ বিশ্বাস করে, এ নাট্যমেলা শিক্ষার্থী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সৃজনশীল বিনিময় এবং গবেষণাভিত্তিক নাট্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম নাট্যচর্চায় আরও বেশি অনুপ্রাণিত হবে।”
বিভাগীয় সভাপতি ফাহমিদা সুলতানা তানজী বলেন, “নাট্যমেলাটি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে এবং আগামীর নাট্যশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা আশা করছি।”
আগামী ২৯ জুন বিকেল ৫টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
অন্যদিকে ১ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন।




