‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এ শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণ, বিজয়ীদের সম্মাননা প্রদান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও সবুজ, নিরাপদ ও টেকসই শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে “সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার নাগরী এলাকার মেঘবাড়ী রিসোর্টে উপজেলা প্রশাসন, কালীগঞ্জের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল— “Building Green, Safe and Sustainable Primary Schools”।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
দিনব্যাপী কর্মশালায় টেকসই ক্যাম্পাস ব্যবস্থাপনা, সবুজ বিদ্যালয় কার্যক্রম, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকটি দলে ভাগ করে মতবিনিময়, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানভিত্তিক উপস্থাপনার ব্যবস্থা করা হয়।
আয়োজকদের মতে, প্রাথমিক বিদ্যালয়গুলোকে পরিবেশবান্ধব, শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য। এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ বিদ্যালয়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ী প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ বিদ্যালয়গুলোতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও কর্মশালাটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।




