আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ০২ জন আসামীকে গ্রেফতার এবং ডাকাতির ঘটনায় লুণ্ঠিত টাকার ব্যাগসহ উদ্ধার করা হয়।
গত ০৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন বালুখালী ইউনিয়নের আদার পাহাড় সংলগ্ন কাপ্তাই লেকে অজ্ঞাতনামা ০৬/০৭ জন ডাকাত বাদীর কাঁধে থাকা ব্যাগ, যাতে নগদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, মোবাইল ফোন, সিম, ব্র্যাক ব্যাংকের অব্যবহৃত চেকবই, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ছিল, তা ডাকাতি করে নিয়ে যায়।
অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডাকাতি মামলার এজাহারনামীয় আসামী ০১। আহাম্মেদ সফি (৪৪), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- আদার পাহাড়, ০৫নং ওয়ার্ড, ০৬নং বালুখালী ইউনিয়ন, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। তক্তারাম @ সুব্রত চাকমা (৩২), পিতা- দয়ালাল চাকমা, সাং- দেওয়ান পাড়া (পর্যটন এলাকা), ০৪নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ২নং আসামী তক্তারাম @ সুব্রত চাকমার বসতবাড়ি হতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত টাকার ব্যাগটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ডাকাতি সংঘটনের বিষয়টি স্বীকার করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ১নং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ২নং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সর্বদা তৎপর। ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


