শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের জন্য কিছু করতে পারাটাই অনেক আনন্দের; তারাগঞ্জের ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এটিএম আজাহারুল ইসলাম

তারাগঞ্জ-এ গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যের একটি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটির উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে প্রতি শুক্রবার অভিজ্ঞ চিকিৎসকরা অসচ্ছল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। ফলে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত মানুষ সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমার এই উদ্যোগ। মানুষের পাশে দাঁড়াতে পারাই সবচেয়ে বড় আনন্দ।” তিনি জানান, এর আগে বদরগঞ্জে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে এবং তারাগঞ্জে এ সেবা সম্প্রসারণ করতে পেরে তিনি গর্বিত।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগ তারাগঞ্জের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন