রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে ১১ জন এবং মারামারির ঘটনায় ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রিজার্ভ বাজার ও মাঝের বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে এনামুল হক (৪০), বাপ্পি দাশ (৪৫), রাজু ঘোষ (৩১), মোঃ আলমগীর (৪৫), মোঃ জাহাঙ্গীর আলম (৪৪), মোহাম্মদ আলী (৫৭), মোঃ সুমন (২৯), মোঃ সেকুল ইসলাম (৪৫), আব্দুর রশিদ (২৬) ও আবুল হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক ব্যবসার অভিযোগে মোঃ ইউনুছ ওরফে কালু (২৪)-কে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মারামারির ঘটনায় আহাম্মদ নবী (৪০) ও রোকছি আক্তার (৬০)-কে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন, রাঙ্গামাটিতে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটি শহরে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



