বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; মুহূর্তেই কয়েকটি দোকান পুড়ে ছাই

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তারা পানি ও বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে শুরুতে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে থাকা বিভিন্ন পণ্য ও মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন