খুলনা শহরের দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুরের রেলিগেট মোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম জানিয়েছেন। নিহত তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮) শহরের বয়রা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া মারা যান। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।



