ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আমেজ ফিরে এসেছে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায়। ভোরবেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো এলাকা, ফলে প্রকৃতিতে দেখা দিচ্ছে এক ভিন্ন রূপ।
সোমবার ভোর থেকে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না এবং সূর্যের আলোও অনেক দেরিতে ফুটে ওঠে। সকাল গড়ালেও কুয়াশা পুরোপুরি কাটেনি, ফলে চারদিকে শীতল আবহাওয়া বিরাজ করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, ফাল্গুন মাসে সাধারণত আবহাওয়া কিছুটা উষ্ণ থাকে। তবে হঠাৎ করে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আবারও ফিরে এসেছে। অনেকেই সকালে ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় ব্যবহার করছেন।
বিশেষ করে খেতখামারে কাজ করা কৃষক ও ভোরে কাজে বের হওয়া মানুষদের কুয়াশার কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কুয়াশার কারণে সড়কেও যানবাহন চলাচল ধীরগতিতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের মতে, ফাল্গুনের এই অপ্রত্যাশিত কুয়াশা ও শীতল আবহাওয়া প্রকৃতিতে ভিন্ন এক সৌন্দর্য যোগ করেছে। কুয়াশা ঢাকা ভোরে গ্রামের মাঠ, গাছপালা ও নদীর তীর এক মনোরম দৃশ্যের সৃষ্টি করছে, যা অনেকের কাছেই উপভোগ্য হয়ে উঠেছে।



