জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজ চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও প্রথম স্থান অধিকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। কলেজের পক্ষ থেকে অংশগ্রহণকারী ১৪ জন ক্রীড়াবিদ এই সম্মাননা লাভ করেন।
দলগত ইভেন্টে কুমারখালী সরকারি কলেজের কাবাডি দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যা কলেজটির ক্রীড়া ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।
এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে শিক্ষার্থীদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৮০০ মিটার দৌড়ে কলেজের ছাত্র সাকিব হাসান প্রথম স্থান অধিকার করে নিজের সক্ষমতার স্বাক্ষর রাখেন। অন্যদিকে শটপুট ইভেন্টে সজিব হোসেন প্রথম স্থান অর্জন করে কলেজের সাফল্যের ঝুলিকে আরও সমৃদ্ধ করেন।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী ও ক্রীড়া শিক্ষক চঞ্চল কর্মকার।
এই সাফল্যে কুমারখালী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধরনের সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও বড় অর্জন এনে দেবে।




