বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার আইন কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় সৈকত এলাকার সীমান্ত সম্মেলন কেন্দ্র (এসএসকে) উর্মি হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সিরাজ উল্লাহ। তিনি বলেন, আইন শিক্ষার্থীদের শুধু আইনের জ্ঞান অর্জন করলেই চলবে না; ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের অ্যাডহক কমিটির বিদ্যাৎসাহী সদস্য অধ্যাপক আবুল মনসুর এবং অ্যাডহক কমিটির হিতৈষী সদস্য অ্যাড. আবদুল কাইয়ুম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সাকী এ কাউসার ও অ্যাডভোকেট প্রতীভা দাশ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। সভাপতির বক্তব্য দেন ফোরামের সভাপতি ফাহিমুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বোরহান উদ্দিন রব্বানী ও মো. কামাল হোসেন।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইন কলেজের শিক্ষার্থী হাবিব হাসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ইফতার মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্ট ফোরামের সদস্য আবু হুরাইরা, মুবিনুল ইসলাম, মো. শাহীন, মো. শাহাদাত, শাহ আজিজুল হাকিম, মো. ইউসুফ আলী, সালমা নূর, জাকির হোসেন, হীরন্ময়ী দাস, উম্মে হাবিবা ও রাবেয়া বসরী জুলি।

এ ছাড়া সার্বিক সহযোগিতা করেন কলেজের প্রধান সহকারী নুরুল আবছার। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন