বুধবার,২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে ৭০ কৃষকের মাঝে ফলদ-বনজ চারা ও সার বিতরণ

কৃষকদের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে বান্দরবানের আলীকদম উপজেলায় ৭০ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২৮ জুলাই আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১০২টি ফলদ এবং ৫০টি বনজ গাছের চারা ছিল। এছাড়া চারাগুলোর পরিচর্যার জন্য কৃষকদের মধ্যে ২০ কেজি জৈব সার এবং ১৭ কেজি রাসায়নিক সারও বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা হর্টিকালচার সেন্টার, বান্দরবানের উপপরিচালক লিটন দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, তেমনি কৃষকদের বাড়তি আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা করে সফলভাবে লালন-পালনের আহ্বান জানান।
অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন