দীর্ঘদিনের অপেক্ষা, দুশ্চিন্তা আর নানা সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ।
টাইগারদের সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সাথে সাথেই নিশ্চিত হয়ে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আবারও খেলতে হবে বাছাইপর্ব। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে যেতে কোয়ালিফায়ার খেলতে হবে ক্যারিবীয়দের।
এবার সরাসরি কোয়ালিফাইয়ের লড়াইটা ছিল মূলত বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই লড়াইয়ে সবার আগে বাজিমাত করেছে আফগানিস্তান, আর দ্বিতীয় দল হিসেবে বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তবে স্বাগতিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা যেহেতু শীর্ষ ৮-এ আছে, তাই র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলই পাচ্ছে সরাসরি বিশ্বকাপের টিকিট।



