রাজশাহী-ঢাকা মহসড়কের পুঠিয়া যাত্রী ছাউনিতে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ। পুঠিয়া যাত্রী ছাউনিতে বৈদ্যুতিক লাইন, বৈদ্যুতিক বাল্ব, পাখা ও মোবাইল ফোন চার্জিং পোর্ট স্থাপনের ব্যবস্থা করেছেন তিনি।
এ উদ্যোগের ফলে সন্ধ্যা ও রাতে যাত্রী ছাউনিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপেক্ষমাণ যাত্রীরা প্রয়োজনের সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার সুবিধা পাবেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রী, নারী, শিশু ও বয়স্কদের জন্য এ উদ্যোগটি স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, পুঠিয়া উপজেলায় যোগদানের পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা ও জনদুর্ভোগ লাঘবে তাঁর এমন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। পুঠিয়া যাত্রী ছাউনিতে বিদ্যুতের ব্যবস্থা করার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের ছোট ছোট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। যাত্রী ছাউনিতে আলো ও মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে মূলত যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও দুর্ভোগকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তা হিসেবে মানুষের সেবা করা আমার দায়িত্ব। কোনো একটি উদ্যোগের মাধ্যমে যদি মানুষের সামান্য কষ্টও কমানো যায়, সেটিই আমাদের জন্য বড় অর্জন।”
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আগে সন্ধ্যার পর যাত্রী ছাউনিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যাত্রীদের নানা সমস্যায় পড়তে হতো। এখন বৈদ্যুতিক বাতি, পাখা ও মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা হওয়ায় যাত্রীদের জন্য জায়গাটি আরও ব্যবহারবান্ধব হয়েছে।
সচেতন মহল বলছে, জনসাধারণের দৈনন্দিন ছোটখাটো সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগই একজন জনপ্রশাসনের কর্মকর্তার মানবিক ও জনবান্ধব ভূমিকার পরিচয় বহন করে। শিবু দাসের এ ধরনের উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও মনে করছেন তারা।



