মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: কাতার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের পথ দ্রুত বন্ধ হয়ে আসছে বলে সতর্ক করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেকোনও মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আল-আনসারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এমন এক বিন্দুর খুব কাছাকাছি অবস্থান করছি, যেখান থেকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।’

তিনি বলেছেন, দীর্ঘমেয়াদি এই শত্রুতা কোনও রাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে না। যদি এই যুদ্ধ চলতেই থাকে, তবে কেউ জয়ী হবে না।

বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হুমকির বিষয়ে কাতার তাদের অবস্থান স্পষ্ট করেছে। আল-আনসারি বলেন, ‘যেকোনও পক্ষ থেকে বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে বাড়তে থাকা উত্তেজনা প্রসঙ্গে কাতারের এই মুখপাত্র বলেন, ‘হরমুজ একটি প্রাকৃতিক প্রণালি, কোনও খাল নয়। এই অঞ্চলের সব দেশের এটি মুক্তভাবে ব্যবহারের অধিকার রয়েছে।’

সংঘাত এড়াতে এবং কূটনৈতিক আলোচনার সুযোগ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন