সোমবার,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জ পৌরসভার বাইপাস সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনসাধারণ, দ্রুত সংস্কারের দাবি

লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র রামগঞ্জ পৌরসভার বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দ সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। আবার শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে।
রামগঞ্জ পৌরসভার সামনে দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন এ সড়ক দিয়ে দূরপাল্লার বাস, ট্রাক, লরি ও অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খাদা-খন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যানজট লেগেই থাকছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির পাশে বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কের বর্তমান অবস্থা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর অভিযোগ, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এলাকায় সফরকালে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও নির্বাচনী প্রচারণার সময় সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমও একাধিকবার সড়ক সংস্কারের আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার কয়েক মাস অতিবাহিত হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি।
এ কারণে পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রামগঞ্জ পৌরবাসীর আকুল আবেদন, জনস্বার্থে এবং নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে বাইপাস সড়কটির দ্রুত সংস্কার ও মেরামতের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোড়ার মাটি সরে তৈরি হয়েছে বড় গর্ত; হাজারো মানুষের চলাচলের ব্যস্ত এলাকায় যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে আবারও পল্লী বিদ্যুতের জরাজীর্ণ ও নড়বড়ে বিদ্যুতের খুঁটি