ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটারীহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মহিন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৬টার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারীর হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিন ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে মহিন লর্ডহার্ডিঞ্জ মাদ্রাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকায় পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
পরে স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে দ্রুত লালমোহন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিন তার বাবা-মায়ের অত্যন্ত আদরের সন্তান ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




