ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৭ জন হাম (মিজলস) সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১৮৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৪ জন রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মধুখালী উপজেলায় ২ জন, সালথা উপজেলায় ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এদিকে বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনসহ মোট ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ২১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ১০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।




