ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হওয়ার কারণে তিস্তা নদী আজ একটি ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত না হওয়ায় এই অঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বুধবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “তিস্তা একসময় এই জনপদের প্রাণ ছিল। আজ সেই নদীই অনিয়ন্ত্রিত পানিবণ্টন ও অব্যবস্থাপনার কারণে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাবে নদী শুকিয়ে যায়, আবার বর্ষা মৌসুমে হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় ভাঙন ও বন্যায় সর্বস্বান্ত হচ্ছে তিস্তা পাড়ের মানুষ। এর ফলে হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারাচ্ছে এবং কৃষকরা ফসল ফলাতে পারছে না।
ডা. শফিকুর রহমান তিস্তা সমস্যার একটি স্থায়ী ও ন্যায্য সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা তিস্তা নদী রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।




