বুধবার,১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ মামলা, ৩ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। মামলাগুলোতে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলার পুন্নারটেক, হরিদেবপুর ও টেক মানিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার (১৯১১৫)-এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নজরুল ইসলাম (৪৭), পিতা মৃত এস এম ফিরুজ মিয়া, তুমুলিয়া ইউনিয়নের পুন্নারটেক এলাকার বাসিন্দা। তাকে ১০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোহাম্মদ কাশেম (২৯), মুক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার বাসিন্দা। তাকে ১০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর দণ্ডপ্রাপ্ত মো. মোক্তার মোল্লা (৩৫), পিতা সুলতান মোল্লা, তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকার বাসিন্দা। তাকে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ অভিযানে মামলার প্রসিকিউশন পরিচালনা করেন মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন