লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আব্দুস শহীদের ছেলে, ব্যবসায়ী ও কবি রফিকুল ইসলাম তার বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, হাজিরহাটের ৪ নং ওয়ার্ডের হাজী আছলাম চৌকিদার বাড়ির বাসিন্দা রফিকুল ইসলাম সম্প্রতি তার বাপ-দাদার পৈতৃক ভিটেমাটিতে নতুন বসতঘর নির্মাণের উদ্যোগ নেন। বসতবাড়িটি বসবাসের উপযোগী করতে তিনি প্রাঙ্গণের কিছু গাছপালা কেটে জায়গাটি পরিষ্কার করছিলেন।
তবে পারিবারিক বিরোধের জেরে রফিকুল ইসলামকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার আপন চাচারা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু অভিযোগেই ক্ষান্ত না হয়ে, ক্ষমতার প্রভাব খাটিয়ে কয়েকজন সাংবাদিকের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করানো হয় বলে দাবি করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে কমলনগর থানা থেকে একদল পুলিশ সরেজমিনে ঘটনাটি তদন্ত করতে যায়। তদন্ত কর্মকর্তা এসআই ফারুক স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা তদন্তকারী কর্মকর্তাকে নিশ্চিত করেন যে, উক্ত জমিটি রফিকুল ইসলামদের পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রকৃত সম্পত্তি।
এ বিষয়ে কবি রফিকুল ইসলাম জানান:
”উক্ত জমি কেবল আমাদের পৈতৃক সম্পত্তিই নয়, বরং দুই চাচার থেকেও আমার বাবা এই জমির অংশ ক্রয় করেছেন। এরপরও আমার এক চাচা ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে সামাজিকভাবে অপমান ও হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা নিউজ করিয়েছেন।”
এদিকে বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আগামী ২৬ জুলাই ২০২৬ (রবিবার) সন্ধ্যার পর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বসার নির্দেশ দিয়েছেন। উক্ত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।




