কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের
বিশেষ অভিযানে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছেন মোহাম্মদ হাসান (২৮) নামের এক ব্যক্তি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ঈদগাঁও থানা পুলিশ।
জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল মিয়ার ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসানকে একদল দুর্বৃত্ত জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।
ঘটনাটি জানামাত্রই ঈদগাঁও থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। সংবাদের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযান চলাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তিন অপহরণকারীকে। তারা হলেন: মোরশেদ আলম (২৬) আবুল বাশার (৫০) নুরুল হাকিম (৩২)
এ অপহরণের ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২/২০২৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
”দ্রুত সংবাদ পাওয়ায় এবং পুলিশের তাৎক্ষণিক তৎপরতার কারণে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এই বিষয়ে আইন শৃংখলা বাহিনী সাধারণ জনগণসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।




