গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোমবাজার, তুমলিয়া, ফুলদি ও বক্তারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৩টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে মোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং মাদক সেবনের দায়ে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ৩টি মামলায় ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় দায়ের করা ১০টি মামলায় বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে মোট ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে আইন লঙ্ঘনের অভিযোগে ২টি মোটরসাইকেল এবং ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে কালীগঞ্জ থানার জিম্মায় দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


