বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি বহাল; সেক্রেটারি খালিদ

চলতি বছরের অবশিষ্ট সময়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বহাল রয়েছেন ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ।
বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি সেক্রেটারি পদে হাবিবউল্লাহ খালিদের নাম মনোনয়ন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ইব্রাহিম হোসেন রনিকে সভাপতি পদে বহাল রাখার ঘোষণা দেন। একই সঙ্গে সেক্রেটারি পদে মনোনয়নের জন্য সদস্যদের মতামত আহ্বান করা হয়। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
নবনিযুক্ত সেক্রেটারি হাবিবউল্লাহ খালিদ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন