বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই বছরের শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর স্বীকারোক্তি

গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেওপাড়া এলাকায় আড়াই বছর বয়সী এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরী নিজেই থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
নিহত শিশু আরিশা আক্তার জান্নাত (আড়াই) রাজবাড়ী জেলার আলহাজ শেখের মেয়ে। তার বাবা স্থানীয় একটি সেভেন রিং কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা দেওপাড়া এলাকায় বাড়িওয়ালা আবুল কালামের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শনিবার (২০ জুন) দুপুরে আরিশা আক্তার জান্নাত ও বাড়িওয়ালার নবম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে ইসরাত জাহান মিম (১৪) একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির একটি পানি ভর্তি বালতির মধ্যে আরিশার মাথা ডুবন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইসরাত জাহান মিম হাসপাতালে গিয়ে শিশুটির মৃত্যুর খবর জানতে পারে। পরে সে নিজেই কালীগঞ্জ থানায় গিয়ে আরিশাকে বালতির পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করে বলে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও পেছনের রহস্য উদঘাটনে কাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন