সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে সনাকের মানববন্ধন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি।
সোমবার (১৫ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই : শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ান। এছাড়া বক্তব্য রাখেন ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন এবং প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমা।
এ সময় ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন।
বক্তারা বলেন, দারিদ্র্য, আর্থিক সংকট ও সামাজিক সচেতনতার অভাবে এখনও অনেক শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে। শিশুশ্রম নিরসনে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থলে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তারা।
সনাকের সাবেক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম নির্মূলে কাউকে বাদ দিয়ে নয়, বরং সকলকে সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সনাক সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, বর্তমানে কিছু অসাধু চক্র শিশুদের মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, কোনো শিশুই যেন শ্রমে নিয়োজিত না হয়, সে বিষয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন