ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাদি হত্যা মামলার অগ্রগতি বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, শরিফ ওসমান হাদিকে গুলি করার পর ফয়সাল ও আলমগীর রাতেই ভারতে পালিয়ে যায়। তাদের সহায়তাকারী ভারতীয় নাগরিক পুত্তি ও সামি মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। আমরা গ্রেফতারে পুরো প্রক্রিয়ায় ভারতীয় পুলিশকে সহায়তা করেছি।
ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাদি হত্যাকাণ্ডের রাতে রাত ১১টার দিকে হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়। তখনই তার পাসপোর্ট দেশের সকল ইমিগ্রেশনে ব্লক করা হয়, যাতে সে দেশত্যাগ করতে না পারে।




