২০২৬ সালের এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ এর কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত। সভাটি এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ ও কক্সবাজার-৪ এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ এর উদ্যোগে আয়োজিত হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান ও মোঃ মহি উদ্দিন।
পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সৈয়দ নূর হেলালী এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মৌ:বদরুদ্দোজা বেদার এবং পবিত্র গীতা পাঠ করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশ্রু রায়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জালাল মুনির।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন



