মদনে IUGIP প্রকল্পের আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা

নেত্রকোনার মদন পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় ১৫টি পৌরসভার মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর)  মদন পৌরসভা হলরুমে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, পিডিআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেন অপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন করিম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুল, পৌর বিএনপির মহিলা দলের সিনিয়র সভাপতি মাহফুজা আক্তার শিমু, পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় IUGIP প্রকল্পের আওতায় মদন পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহসহ একটি পরিকল্পিত ও টেকসই পৌরসভা গড়ে তুলতে মহাপরিকল্পনার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
প্রকল্পটিতে অর্থায়ন করছে এশীয়ান উন্নয়ন ব্যাংক (ADB) ও ফ্রান্সের উন্নয়ন সংস্থা (AFD)।
সভায় বক্তারা বলেন, একটি যুগোপযোগী মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে মদন পৌরসভা একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত শহরে রূপান্তরিত হবে। পৌরবাসীর চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এ ধরনের পরামর্শ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন