সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছিমপুর দক্ষিণপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুন্নাহার কল্পনার পরিত্যক্ত বাসায় নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চারতলা বাড়িটি দীর্ঘদিন ধরে প্রায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এই সুযোগে বিভিন্ন এলাকা থেকে আসা কিছু ব্যক্তি সেখানে জড়ো হয়ে নিয়মিত মাদক সেবন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটির বিভিন্ন স্থানে মাদকসেবনের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয় এমন কিছু সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব কারণে বাড়িটি ধীরে ধীরে অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল বলেন, “দীর্ঘদিন ধরে বাড়িটি নজরদারির বাইরে থাকায় এটি অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসীর অভিযোগ, বাড়িটিতে নিয়মিত মাদকসেবীদের উপস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বাড়িটির আশপাশ দিয়ে চলাচল করতে অনেকেই ভয় পান।
এ বিষয়ে বক্তব্য জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান একটি সভায় ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


