রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষের প্রথম প্রত্যাশা থাকে সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার। নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা না গেলে জনসেবার মান কখনোই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি আজহারুল ইসলাম বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি, অবহেলা বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন—সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সেবার মান শুধু কাজের গতি দিয়ে নির্ধারিত হয় না; কর্মকর্তাদের আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন নাগরিক যদি দপ্তরে এসে সম্মান পান, তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তবে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের সুফল প্রকৃত অর্থেই জনগণের কাছে পৌঁছাবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।



