সংশ্লিষ্ঠ সদস্যদের স্বাক্ষর ছাড়া মনগড়া প্রকল্পের বিল না দেওয়ায় মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামকে বেধড়ক পিটিয়েছেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম তার অনুসারীরা।
আজ রবিবার সকাল ১১ টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এসময় ভিডিও ধারণ করতে গেলে ফয়সাল নামে এক যুবকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে।
জানা গেছে, ইউনিয়নের ৫ নম্বর ওয়া্র্ড সদস্য আবুল কাসেম ও ১,২,৩ সংরক্ষিত সদস্য বনি খাতুনের নামের দুটি কাজের বরাদ্দ দেওয়া হয় পরিষদ থেকে। কিন্তু প্রকল্প দুটি ওই দুই সদস্যর বিপরীতে জোরপূর্বক কাজ করেন সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট সদস্য ছাড়া কাজ করায় তাদের অনুমোদন ছাড়ায় রবিবার সকালে ওই বিল তুলতে সাইফুল ইসলাম, তার ভাই শফিকুল ইসলামসহ ১০/১২ জনের একটি দল পরিষদ কার্যালয়ে যান।
এসময় প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামকে বিল দিতে বলেন সাইফুল ইসলাম। এসময় তিনি বিল দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির এক পর্যায়ে সাইফুল ইসলাম, শফিকুল ইসলামহ তার সঙ্গিরা প্যানেল চেয়ারম্যানকে বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার একটি দল গিয়ে ঘটনাস্থল থেকে আহত প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করেন। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমি আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দুটি প্রকল্প হয়েছে অন্য মেম্বারের নামে। সাইফুল সাহেব আমাকে ওভারটেক করে নিজে কাজ করে বিল তুলে নেবে। আমি এর আগেও বিল তুলে দিয়েছি। আবার আরেকটি কাজ করেছে ওই মেম্বারের নামে। মেম্বারকে বাদ দিয়ে নিজেই প্রকল্প তুলে নিয়ে আবার আমাকে বলেছে বিল করে দিতে। আমি বলেছি, আমি এভাবে বিল করে দেব না। কোনো মেম্বারের অনুমোদন নেই, মেম্বারদের মিটিং নেই—এ ধরনের বিল আমি করব না। এ বিষয় নিয়ে রাগারাগির একপর্যায়ে আমাকে পরিষদের সচিব, নিরাপত্তাকর্মী সকলের সামনে আমাকে বেধড়ক মারধর শুরু করে।
তবে অভিযুক্ত সাইফুল ইসলাম ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
তবে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, আমি খবর পাওয়ার পরপরই প্যানেল চেয়ারম্যানকে থানায় মামলা করার নির্দেশ দিয়েছি। সাবেক চেয়ারম্যান সাইফুল সাহেব ফৌজদারী অপরাধ করেছেন এটা তিনি করতে পারেন না।’




