পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের চলনবিলের পাটুল,আদাবাড়িয়া,পুঁইবিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ১৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়। যার বাজারমূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়,যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযান নিয়মিত আরও জোরদারভাবে পরিচালিত হবে।



