কিশোরগঞ্জের ভৈরবে ২ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি স্বামী আর স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায়, বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মোঃ ঝন্টু মিয়া (৩৬) ও তার স্ত্রী আঁখি আক্তার শিউলী (২৮)। তল্লাশির সময় শিউলীর বহন করা একটি শপিং ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটক দুজন চিহ্নিত মাদক চোরাকারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার বরকত মোল্লা



