ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে কাভারভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরব যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ গোলচত্বরে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় জড়িত কাভারভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়।
খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে কাভারভ্যানের চালককে আটক করা হয়েছে। কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



