নেত্রকোণার বারহাট্টায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (৩৩) ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে| উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে| অভিযুক্ত যুবকের নাম মোঃ জাহেদ আলী (২২)| তিনি একই গ্রামের নওয়াব মিয়ার ছেলে| বারহাট্টা থানার ( ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিন্ত করেন| মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী নারী বাড়ির পাশে ঘুরাফেরা করছিলেন| এ সময় অভিযুক্ত জাহেদ আলী প্রথমে তাকে ইশারায় ডাকেন| তাতে সাড়া না দেওয়ায়, পরে টাকার লোভ দেখিয়ে কৌশলে তাকে একই গ্রামের কামাল মিয়ার রান্নাঘরে নিয়ে যান| সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়| পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার বারহাট্টা থানায় লিখিত অভিযোগ জমা দেয়| এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার ৩০ জুলাই ২০২৬ বাদী হয়ে মামলা দায়ের করেন| ঘটনার পর থেকে অভিযুক্ত জাহেদ আলী এলাকা ছেড়ে পলাতক রয়েছেন| বারহাট্টা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে| আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



