রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের মূল বাজার থেকে বালিকা উচ্চ বিদ্যালয় এবং ধাপের হাটসহ আশেপাশের বিভিন্ন গ্রামে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায় এবং রাস্তার দুই পাশে জমা হয়ে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্য সেই পানিতে ভেসে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ায়। পানি নিষ্কাশনের জন্য পাশে ড্রেন থাকলেও তা ময়লা-আবর্জনায় আটকে একদম অকার্যকর হয়ে পড়েছে। ফলে বৃষ্টির পানি সরতে না পেরে দীর্ঘসময় জমে থাকছে। এতে করে প্রতিদিন চরম ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের। জলমগ্ন রাস্তায় খানাখন্দ না দেখতে পেয়ে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি ও কার্যকর পদক্ষেপ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। দুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেন পরিষ্কার ও রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।