বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

‎ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাশেদ আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
‎নিহত রাশেদ আলী ওই গ্রামের রবিউল শেখের ছেলে। তিনি পেশায় একজন মশারি বিক্রেতা ছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জহুরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাশেদ আলী জীবিকার তাগিদে বাইরে থাকতেন। গত শনিবার (১৮ এপ্রিল) তিনি কাজ শেষে বাড়িতে ফেরেন। আগে থেকেই দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
 সোমবার গভীর রাতে সেই বিরোধ চরম আকার ধারণ করে এবং উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে ছোট ভাই জহুরুল উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে রাশেদকে এলোপাতাড়ি আঘাত করেন। রাশেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান:
‎হাসপাতালে পৌঁছানোর আগেই রাশেদ আলীর মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।
‎ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন