বুধবার,১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের দণ্ড, একজনের ১২ মাস কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলায় তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কাজী জুয়েল নামে এক ব্যক্তিকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই মাদকসেবীকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) কালীগঞ্জ উপজেলার বেতুয়া, পুনসহি ও চুয়ারিয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব আল-আমিন হালদার (১৯১১৫), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালীগঞ্জ, গাজীপুর।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে দুইজনকে ৩০ দিন করে এবং কাজী জুয়েলকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও আদালতের নথি অনুযায়ী, কাজী জুয়েলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতে তাকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপর দুইজনকে ইয়াবা সেবনের দায়ে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন শান্তি চন্দ্র দাস, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন