বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকা থেকে জনপ্রিয় মেম্বার রুস্তম আলীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত রুস্তম আলী ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত রুস্তম আলীর গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক পাহাড়ের গহিন অরণ্যে তুলে নিয়ে যায়। ঘটনার কিছু সময় পর অপহরণকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও স্বজনরা অভিযোগ করেছেন।

​দিনের আলোতে একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন:

​”এই সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি নিজেই অপহরণের শিকার হলেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সকাল থেকেই প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি।”

​খবর পাওয়ার পরপরই অপহৃতকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

​ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুর্শেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গহিন পাহাড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।

​রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। অপহৃত ইউপি সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।”

 

​এক প্রশ্নের জবাবে ওসি আরও জানান, সাততারা হিমছড়ি এলাকা ছেড়ে পানেরছড়ায় কেন হঠাৎ ডাকাতি ও অপহরণের প্রবণতা বাড়ল, বিষয়টি তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন।

​ঈদগাঁও–ঈদগড় সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

তাদের মতে, দিনের বেলায়ও যদি জনপ্রতিনিধিরা নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। তারা এই সড়কে স্থায়ী পুলিশি টহল এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জনপ্রিয় মেম্বার জনাব রুস্তম মেম্বার অপহরণের খবর ছড়িয়ে পড়লে ঈদগড় ঈদগাহর মানুষের মাঝে চরম হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করে এবং সর্ব পেশার মানুষ জনপ্রিয় ইউপি সদস্য রুস্তম আলীকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে অপহৃতের ছোট ভাই শওকত আলী জানান তার পরিবার চরম অস্থিরতায় সময় পার করছেন প্রশাসনের দিকে চেয়ে আছে কখন ফিরবে তার ভাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন