সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। প্রশাসনিক (নির্বাহী) আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না।’
বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে, তার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। অথচ এত বড় ম্যাসাকার বা হত্যাযজ্ঞের পরেও আওয়ামী লীগ ও তার নেত্রীর মনে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার বালাই নেই। উল্টো তারা জুলাইয়ের বীর যোদ্ধাদের ‘জঙ্গিবাদী’ আখ্যা দিয়ে আবার রাজনীতিতে ফেরার ঘৃণ্য স্বপ্ন দেখছে।
ঐতিহাসিক সব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা ছিলো অতুলনীয়। তাদের অদম্য আত্মত্যাগের কারণেই এ দেশে গণতন্ত্র পুনরুজ্জীবন পেয়েছে। তবে এই অর্জন ধরে রাখতে সজাগ থাকতে হবে।
সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মাঝে কোনো ধরনের বিভক্তি আসলে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন ঘটবে। আমরা চাই না এ দেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদী শক্তির উৎপত্তি হোক।