শুক্রবার,২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পর তানিশা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। সোমবার (২৯ জুন) বিকেল তিনটার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর মুন্সিবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানিশা ওই এলাকার দেলোয়ার হোসেন লিটন ও নারগিস আক্তারের মেয়ে। সে আখাউড়া গঙ্গাসাগর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোবাইল ব্যবহার নিয়ে তানিশার সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান থেকেই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক ছয় মাসে আখাউড়া ও তার আশপাশের এলাকায় বিভিন্ন কারণে সব মিলিয়ে ১৮ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন