সরকারি অফিসকে নিজের ব্যক্তিগত রান্নাঘর হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ, এসি ল্যান্ড শাওলিন নাহার তার অফিসের বিভিন্ন কক্ষ নিজ ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন। সরকারি কাজের পাশাপাশি অফিস কক্ষেই চলছে গৃহস্থালির রান্না-বান্নার আয়োজন।
এ বিষয়ে জানতে আজ সরেজমিনে উপজেলা ভূমি অফিসে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে দেখা যায় তার অফিস কক্ষের পাশের কক্ষেই বসে একজন অল্প বয়সী মেয়ে রান্না-বান্নার বিভিন্ন সামগ্রী কাটাকাটি করছেন।
এ সময় তার কাছে নাম-পরিচয় জানতে চাইলে তিনি তার নাম সুইটি আক্তার ফারিয়া বলে জানান। তিনি আরও জানান, তিনি দীর্ঘ আড়াই বছর ধরে সহকারী কমিশনার শাওলিন নাহারের গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার শাওলিন নাহারের মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, “আমি এখন ব্যস্ত আছি। আপনার যা জানার অফিসে এসে জেনে যান।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি অফিসে এ ধরনের কাজ আইনত গ্রহণযোগ্য নয়। বিষয়টি ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানাবো ।”
স্থানীয় সেবা গ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা জমির কাজে এসে দেখি অফিসের ভেতর রান্নার আয়োজন চলছে । এটা কোনোভাবেই কাম্য নয়। সরকারি অফিসকে এভাবে ব্যবহার করা ঠিক না।”
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে জনসাধারণের ভূমি সংক্রান্ত খারিজ, নামজারি ও অন্যান্য সেবা প্রদান করা হয়।

