একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হবে এই মহাজাগতিক দৃশ্য, যেখানে টানা ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে সূর্য।
২০২৪ সালের এপ্রিলের পর এটিই পৃথিবী থেকে দৃশ্যমান প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, স্পেনের আইবেরীয় উপদ্বীপে ১০০ বছরেরও বেশি সময় পর আবারও এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
কোথায় ও কখন দেখা যাবে?
এই গ্রহণে প্রায় দেড় কোটি মানুষ সরাসরি পূর্ণগ্রাসের সাক্ষী হবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশ থেকে এটি পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে। উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়া শহরগুলো রয়েছে পূর্ণগ্রাসের একদম কেন্দ্রপথে।
স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে তা প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনা মূল বলয়ের বাইরে থাকলেও সেখান থেকে সূর্যের ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।
কেন এই গ্রহণ বিরল?
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখায় বলেই এমন পূর্ণগ্রাস সম্ভব হয়। প্রতি বছর ২ থেকে ৫টি সূর্যগ্রহণ হলেও পূর্ণগ্রাস বেশ বিরল। গড়ে দেড় বছরে একবার বা শতাব্দীতে মাত্র ৬৬ বার এমন ঘটনা ঘটে।
বাংলাদেশ থেকে দেখা যাবে?
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে না। তবে নাসা ও বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থা এটি সরাসরি লাইভ সম্প্রচার করবে।




